পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৭০ হাজার মাইল দূরে গিয়ে ফেরত এসেছে ওরিয়ন। নভোচারী বহনের জন্য নির্মিত মহাকাশযানের কোনো স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত না হয়ে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেওয়ার রেকর্ড এটি।
রেকর্ড গড়ার মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছে নাসার নতুন চন্দ্রযাত্রার নভোযান ওরিয়ন।
রোববার বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিটে তিনটি প্যারাশুটে ভর করে ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে নেমে আসে মনুষ্যবহনে সক্ষম ওই ক্যাপসুল।
ওরিয়নের সফল অবতরণের সঙ্গে সঙ্গে শেষ হল আলোচিত আর্টেমিস ওয়ান মিশন। ১৬ নভেম্বর ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড ৩৯বি থেকে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে চড়ে শুরু হয়েছিল ওরিয়নের চন্দ্রযাত্রা।
‘আর্টেমিস টু’ মিশনে মানব নভোচারীদের চাঁদের কক্ষপথে পাঠানোর আগে মহাকাশের প্রতিকূল পরিবেশে ওরিয়নের কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা প্রয়োজন ছিল। ২৫ দিনের আর্টেমিস ওয়ান মিশনে সেটাই দেখেছে নাসা। এর পরের ধাপে আর্টেমিস টু মিশনে নভোচারীদের বহন করবে ওরিয়নের ক্রু মডিউল।
১১ ডিসেম্বরকে নাসা, ও মানবসভ্যতার জন্য একটি ‘বড় বিজয়’ হিসেবে বর্ণনা করে এ সংস্থার পরিচালক বিল নেলসন বলেছেন, “ওরিয়ন স্পেসক্র্যাফটের সফল অবতরণ – যা কি না অ্যাপলো সেভেনটিন মিশনের চাঁদে অবতরণের ঠিক ৫০ বছর পরে হল – আর্টেমিস ওয়ান মিশনের সবচেয়ে বড় অর্জন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটে উৎক্ষেপণ থেকে শুরু করে চাঁদকে চক্কর দিয়ে পৃথিবীতে ফেরত আসা, আর্টেমিস প্রজন্মের চন্দ্রজয়ের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ ছিল।”
Array
