বিনোদন ও অপরাধ প্রতিবেদক: আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, জিম্মি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মাথায় আসামির জামিন পাওয়া নিয়ে চরম ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন মডেল ও অভিনেত্রী ইসরাত জাহান (স্নিগ্ধা)। সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রীর ক্ষমতার প্রভাব ও রাজনৈতিক বলয় কাজে লাগিয়ে খিলক্ষেত থানার এই স্পর্শকাতর মামলার প্রধান আসামি আদালত থেকে তড়িঘড়ি করে জামিন পেয়েছেন।
আজ অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে নিজের শরীরে থাকা আঘাতের চিহ্ন ও নির্যাতনের বিবরণ তুলে ধরে মডেল স্নিগ্ধা জানান, আশিয়ান গ্রুপের বিজ্ঞাপনের চুক্তিসংক্রান্ত বিষয়ে আলোচনার কথা বলে গত ২৪ জুলাই তাকে রাজধানীর ৩০০ ফিট এলাকার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ডাকা হয়। আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের কার্যালয়ে যাওয়ার পর কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। স্নিগ্ধার দাবি, সেখানে তার ওপর প্রায় দুই ঘণ্টাব্যাপী শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। গরম পানীয় ঢেলে দেওয়া, মারধর করা এবং ভয়ভীতি দেখানোর মতো ভয়াবহ অভিযোগও আনেন তিনি।
পরবর্তীতে সেখান থেকে উদ্ধার হয়ে গত ২৬ জুলাই রাজধানীর খিলক্ষেত থানায় আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে। তবে মামলা দায়েরের পরদিন অর্থাৎ ২৭ জুলাই আসামি আদালত থেকে জামিন পেয়ে বের হয়ে আসায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন এই অভিনেত্রী।
সংবাদ সম্মেলনে স্নিগ্ধা সরাসরি অভিযোগ করে বলেন, “একজন সাধারণ নারী হিসেবে বিচার পাওয়ার আশায় থানায় গিয়েছিলাম। কিন্তু আশিয়ান সিটির প্রধানের পেছনে এক প্রতিমন্ত্রীর সরাসরি রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় রয়েছে। সরাসরি প্রতিমন্ত্রীর নাম না প্রকাশ করলেও ইঙ্গিত দিয়েছেন মডেল স্নিগ্ধা। তিনি বলেন সেই প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ ২জন নেতার একজন। সেই প্রতিমন্ত্রীর নাম ও পদের প্রভাব দেখিয়েই এত দ্রুত আসামির জামিনের ব্যবস্থা করা হয়েছে।” আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালে তার এবং তার পরিবারের জীবন চরম ঝুঁকিতে পড়বে উল্লেখ করে স্নিগ্ধা এই ঘটনার নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপ করতে গিয়ে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নাম উল্লেখ করেন।
অন্যদিকে, স্নিগ্ধার এই অভিযোগের বিষয়ে আশিয়ান গ্রুপের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ মিথ্যে ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি চক্র এমন ষড়যন্ত্রমূলক অভিযোগ ছড়াচ্ছে এবং তারা বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করবে।
উল্লেখ্য, বিতর্কিত আবাসন ব্যবসায়ী আশিয়ান সিটির কর্ণধার নজরুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বেও জমি দখল, ভুয়া প্লট বিক্রি ও জালিয়াতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই মামলার পর এক প্রতিমন্ত্রীর নাম জড়িয়ে পড়ায় আইন ও মিডিয়াপাড়ায় বিষয়টি নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Array
