পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দেশ দুটির বাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলিতে ৬ বেসামরিক পাকিস্তানি ও ১ আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে দেশ দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ব্রিটিশ ভিত্তিক গণমাধ্যম রয়টার্স পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে জানায়, ‘আফগান সীমান্ত বাহিনীর হামলায় হামলায় ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তারা বিনা উস্কানিতে চামান সীমান্ত ক্রসিংয়ে “কামান ও মর্টারসহ ভারি অস্ত্রে নির্বিচারে হামলা চালিয়েছে।” ওই ক্রসিংটি পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে।’
২৭ জনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৬ জন মারা যান। আরও সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পাকিস্তানের চামানের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক আখতার মোহাম্মদ।
দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত পারাপার এলাকায় পাকিস্তানের সেনারা রোববারের এ হামলার পাল্টা জবাব দিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানান, ‘একজন আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৩ জন বেসামরিক লোক।’
আফগানিস্তানের কান্দাহারের গভর্নরের এক মুখপাত্র আতাউল্লাহ জায়েদ জানান, ‘আফগান সীমান্তে নতুন চেকপয়েন্ট নির্মাণ নিয়ে মূলত পাকিস্তানি ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত।’
সম্প্রতি দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের চামান ক্রসিংয়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। এসব ঘটনা আফগানিস্তানের শাসকদের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বাড়িয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান সীমান্ত ক্রসিং হলো চামান।

