ইরানে চলমান বিক্ষোভের ঘটনায় আরও এক বিক্ষোভকারীর প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই ব্যক্তির নাম মাজিদ রেজা রাহনাভার্দ। এ নিয়ে বিক্ষোভের ঘটনায় এক সপ্তাহের কম সময়ের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাত ও হত্যার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) ইরানের বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়, মাজিদকে আজ সকালে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে।
আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, মাজিদ স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজের দুই সদস্যকে হত্যা এবং চারজনকে আহত করেছেন। রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট বাসিজ বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরানে চলমান ধরপাকড় অভিযানের সম্মুখসারিতে আছে।
প্রসঙ্গত, ইরানে বিক্ষোভকে কেন্দ্র করে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হয় গত বৃহস্পতিবার। তখন মহসেন সেকারি নামের একজনকে ফাঁসি দেওয়া হয়। তার বিরুদ্ধে তেহরানে এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত ও রাস্তা বন্ধ করে বিক্ষোভ করার অভিযোগ আনা হয়। এ ঘটনায় ইরান সরকার ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে।
Array
