নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশের দাবার আকাশে নতুন এক ধুমকেতু ১৫ বছর বয়সী কিশোর সাকলাইন মোস্তফা সাজিদ। একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জনের পর এবার তার লক্ষ্য কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬। আগামী ১৭ মে থেকে ২৫ মে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে দেশ ছাড়ছেন এই ফিদে মাস্টার (FM)।
শ্রীলঙ্কায় আয়োজিত এই আন্তর্জাতিক আসরে ওপেন চ্যাম্পিয়নশিপ ও ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ—এই দুই বিভাগেই অংশ নেবেন সাকলাইন। ৯টি করে মোট ১৬ রাউন্ডের লড়াইয়ে বিশ্বের বাঘা বাঘা দাবাড়ুদের মুখোমুখি হবেন তিনি।
বর্তমানে ২৩১৬ ফিদে রেটিংধারী সাকলাইন ইতোমধ্যেই বাংলাদেশের দাবা অঙ্গনে অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি ২০২৫ সালে ন্যাশনাল ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৮) অপরাজিত চ্যাম্পিয়ন। ২০২৪সালে ৭ম ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৪) চ্যাম্পিয়ন হয়ে ‘ফিদে মাস্টার’ খেতাব অর্জন। ২০২৩সালে শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-২০ ওপেন দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করেন।
আসন্ন এই সফর নিয়ে উচ্ছ্বসিত সাকলাইন জানান, “কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে লড়াই করা আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমার লক্ষ্য দেশের জন্য সম্মান বয়ে আনার পাশাপাশি নিজের আন্তর্জাতিক রেটিং ও র্যাংকিংয়ের উন্নতি করা।”
সাকলাইনের এই আন্তর্জাতিক সফরে পৃষ্ঠপোষকতা করছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইউটিলাইজেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’। ১৯৭৬ সাল থেকে তেল, গ্যাস ও অবকাঠামো খাতে কাজ করা এই প্রতিষ্ঠানটি সাকলাইনের মেধা বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
দেশের ক্রীড়া সংশ্লিষ্টরা আশা করছেন, শ্রীলঙ্কার মাটিতে সাকলাইনের মগজের লড়াই বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও একবার উজ্জ্বল করবে। কিশোর এই দাবাড়ুর হাত ধরে বাংলাদেশ ভবিষ্যতে আরও বড় কোনো গ্র্যান্ডমাস্টার খেতাবের স্বপ্ন দেখছে।
Array
