নিজস্ব প্রতিবেদক | ঢাকা : বগুড়ার কাহালু উপজেলায় খেলার ছলে গ্যাস লাইটারের আগুনে দগ্ধ আড়াই বছরের শিশু রাইসা মণির পাশে দাঁড়িয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। গতকাল রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান তিনি।
রাইসার পারিবারিক সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার সাকোহালী গ্রামে ৫ বছরের বড় ভাইয়ের সাথে খেলছিল শিশু রাইসা মণি। খেলার ছলে হঠাৎ গ্যাস লাইটার থেকে তার পোশাকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন শরীরে ছড়িয়ে পড়ে। এতে রাইসার শরীরের পেছনের অংশ পুরোপুরি ঝলসে যায় এবং সামনের অংশও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেলে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সংসদ অধিবেশন শেষে অনলাইনে শিশুটির এই মর্মান্তিক খবর দেখতে পান সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। সংবাদ পাওয়ামাত্রই তিনি সস্ত্রীক হাসপাতালে ছুটে যান। তিনি কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে রাইসার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং শিশুটির পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় আবেগাপ্লুত কণ্ঠে মোশারফ হোসেন বলেন, ‘আপনারা জানেন যে অনেকদিন আগে আমার মা মৃত্যুবরণ করেছেন। মায়ের চিকিৎসার জন্য রাখা কিছু টাকা হাসপাতাল কর্তৃপক্ষ ফেরত দিয়েছিল। সেই গচ্ছিত টাকাটা আমি বিভিন্ন মুমূর্ষু রোগীর সহায়তায় ব্যয় করি। আজ রাইসা মণির চিকিৎসার জন্যও সেই তহবিল থেকে কিছু অর্থ সহায়তা করলাম।’
বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংসদ সদস্য মোশারফ হোসেন শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং চিকিৎসার প্রয়োজনে ভবিষ্যতে আরও পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
Array
